যুক্তরাজ্যের রাজা চার্লস এবং রানি ক্যামিলার যুক্তরাষ্ট্র সফরের পর স্কটিশ হুইস্কির ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, হোয়াইট হাউস সফর শেষে নিজ দেশে ফিরে যাওয়া যুক্তরাজ্যের রাজা ও রানির সম্মানে তিনি এই শুল্ক ও বিধিনিষেধ প্রত্যাহার করছেন। এর ফলে স্কটল্যান্ড ও কেন্টাকির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শিল্প হুইস্কি ও বোরবন-এর মধ্যে ব্যবসায়িক সমন্বয় সহজ হবে। পরবর্তীতে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, রাজা ও রানির সম্মানে তিনি সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছেন।
বর্তমানে স্কটিশ হুইস্কির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে। ট্রাম্প উল্লেখ করেন, স্কটিশ হুইস্কি আমদানি বাড়লে মার্কিন বোরবন প্রস্তুতকারকরাও লাভবান হবেন, কারণ তারা হুইস্কির কাঠের পাত্রগুলো পুনরায় ব্যবহার করার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের ডিস্টিলড স্পিরিটস কাউন্সিলের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস সোয়াংগার এই শুল্ক প্রত্যাহারকে আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারা প্রভাবিত মার্কিন আতিথেয়তা শিল্পের জন্য একটি 'বড় বিজয়' হিসেবে বর্ণনা করেছেন।
এক বিবৃতিতে তিনি জানান, এই পদক্ষেপ ট্রান্সআটলান্টিক সম্পর্ককে শক্তিশালী করবে, শিল্পে প্রয়োজনীয় স্থিতিশীলতা আনবে এবং উভয় প্রান্তের উৎপাদকদের এই গুরুত্বপূর্ণ সময়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়তা করবে।
সূত্র: সিএনএন
ডিবিসি/কেএলডি